বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোশাররফ হোসেন (৬১) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বন্দরের সাজু পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন উজিরপুর উপজেলার বাসিন্দা।
উজিরপুর মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বিএমএফ পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দুটি অটোরিকশা এবং পরে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটিরও আংশিক ক্ষতি হয়।
এ দুর্ঘটনায় বাস ও রিকশার ছয়জন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রিকশাচালক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর তিনজন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ তদারকি করছে। এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।