নেত্রকোনার কেন্দুয়ায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. পিয়াস মিয়া (২৩) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বিল্লাল হোসেন (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিয়াস মিয়া কেন্দুয়া উপজেলার মজলিশপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পিকআপটির চালক চঞ্চল ও সহকারী বাদশাকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোহাগপুর মোড়ে অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক পিয়াস ও যাত্রী বিল্লাল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পিয়াসের মৃত্যু হয়। আহত বিল্লাল হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সিদ্দিক হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে পিকআপের চালক ও হেলপারকে আটক করে কেন্দুয়া থানায় পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।