ফ্যাসিবাদের পথে যেতে যা যা করা প্রয়োজন তার সব করছে বিএনপি: জামায়াত আমির

শুক্রবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন জামায়াত আমির।

তিনি বলেন, ফ্যাসিবাদের পথে যেতে যা যা করা প্রয়োজন, তার সবই করছে বিএনপি। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে দলীয়করণ করা হচ্ছে। বিরোধী দল সংসদ কার্যকর করতে চাইলেও সরকারের কর্মকাণ্ডে এ বিষয়ে সদিচ্ছার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

অতীত থেকে শিক্ষা না নিলে বিএনপি সরকারের পরিণতিও পূর্ববর্তী সরকারের মতো হবে বলে সতর্ক করেন তিনি। ফ্যাসিবাদকে ভাইরাসের সঙ্গে তুলনা করে জামায়াত আমির বলেন, বিএনপি এখন বাকশালী পথেই হাঁটছে। তাদের মনে রাখা উচিত, ইতিহাসের বাঁক ঘুরে বিপ্লব বারবার ফিরে আসে।

তিনি আরও বলেন, দেশের মানুষ সংবিধান সংশোধনের পক্ষে নয়, বরং সংস্কারের পক্ষে রায় দিয়েছে। অতীতে যেমন বাধ্য হয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মেনে নিতে হয়েছিল, তেমনি জনগণের দেওয়া সংস্কারের রায়ও মানতে হবে।

স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যার সূচনা আওয়ামী লীগ করেছিল বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। দেশকে আধিপত্যবাদের কালো ছায়া থেকে মুক্ত রাখতে জামায়াতের আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তিনি।

একই সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বাকশালী কায়দায় সংবিধান সংশোধনের মাধ্যমে সরকার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে। একদলীয় শাসন কায়েমের পথ থেকে বিএনপি সরে না এলে এই সরকারেরও অনাকাঙ্ক্ষিত পতন হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *