নরসিংদীর রায়পুরায় পূর্ব বিরোধের জের ধরে বাড়িতে ঢুকে মোমেন মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে মাথায় ও পায়ে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় হামলায় আরও অন্তত তিন জন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (২ আগস্ট) সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোমেন মিয়া ওই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে।
আহতরা হলেন- একই এলাকার মৃত খালেক মিয়ার ছেলে মোবারক (৬৫), শহীদ মিয়ার ছেলে নাজমুল হোসেন (৩০) ও কুদ্দুস মিয়ার ছেলে রুহুল আমিন (৩৭)। আহতদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় ‘ফরিদ গ্রুপ’ এবং ‘মোমেন চেয়ারম্যান গ্রুপ’র মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র বিরোধ চলে আসছিল। স্থানীয় সংসদ সদস্য উদ্যোগ নিয়ে পূর্বে উভয় পক্ষের মধ্যে বিরোধ মীমাংসা করে দিলেও পরবর্তীতে তা আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় রোববার সকালে ফরিদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোমেনের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এ সময় মোমেনের মাথায় ও পায়ে গুলি করে। তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিনিতা বলেন, রক্তাক্ত অবস্থায় মোমেন মিয়াকে হাসপাতালে আনা হলে পরীক্ষা করে তার পালস ও প্রেশার পাওয়া যায়নি। হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, সওদাগরকান্দি এলাকায় দুই পক্ষের সংঘাতের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। গুলিবিদ্ধ হয়ে মোমেন মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।