মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের গৌরবগাথা নিয়ে নির্মিত সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’ মুক্তির প্রস্তুতি শুরু করেছে। সেই প্রচারণার অংশ হিসেবে ঐতিহাসিক ২৫ জুলাইকে বেছে নিয়ে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার। অনম বিশ্বাস পরিচালিত সিনেমাটির পোস্টার প্রকাশের মধ্য দিয়ে এবার দর্শকের সামনে নিজেদের নির্মাণের গল্প তুলে ধরার আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘ঠিকানা বাংলাদেশ’ টিম।
১৯৭১ সালের এই দিনে ভারতের নদীয়া ফুটবল একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। বিদেশের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে নামার সেই ঘটনা মুক্তিযুদ্ধের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। স্বাধীন বাংলা ফুটবল দলের সেই লড়াই ও দেশপ্রেমই ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমার গল্পের মূল উপজীব্য।
পোস্টারে উঠে এসেছে সিনেমাটির গল্পের আবহ। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের প্রেক্ষাপটে পানিতে ডুবে থাকা জনপদের সামনে দাঁড়িয়ে থাকা এক ফুটবলারের ভাস্কর্য, আকাশে যুদ্ধবিমান এবং পাশে উড়তে থাকা লাল-সবুজের পতাকা—সব মিলিয়ে পোস্টারে ফুটে উঠেছে যুদ্ধের সময় ফুটবলকে ঘিরে গড়ে ওঠা এক অন্যরকম প্রতিরোধের ইঙ্গিত।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমাটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রেজওয়ান পারভেজ, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, আজাদ আবুল কালাম ও শতাব্দী ওয়াদুদসহ একঝাঁক অভিনয়শিল্পী।
স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি নিয়ে নির্মাতা অনম বিশ্বাস বলেন, ‘ঠিকানা বাংলাদেশ’ এ বছরই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে ধীরে ধীরে প্রচারণামূলক কার্যক্রম শুরু করছেন তারা।
‘ঠিকানা বাংলাদেশ’ শুধু মুক্তিযুদ্ধের গল্প নয়, স্বাধীন বাংলা ফুটবল দলের মাঠের লড়াই, দেশপ্রেম এবং স্বাধীনতার পক্ষে জনমত তৈরির সেই প্রচেষ্টাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে সিনেমাটি। তাই দীর্ঘ প্রতীক্ষার পর এ বছর সিনেমাটি পর্দায় এলে স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প বড় পরিসরে দেখার সুযোগ পাবেন দর্শক।