ভালোবাসা, অপেক্ষা আর বিরহের অনুভূতি নিয়ে কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমে প্রকাশ পেয়েছে নতুন গান ‘পাতার বাঁশরি’। এটি এই মৌসুমের তৃতীয় গান।
গানটির কথা ও সুর করেছেন ইশান। সংগীত পরিচালনায় রয়েছেন আদিত রহমান। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইশান ও সুনিধি নায়েক।
‘পাতার বাঁশরি’ মূলত প্রেম ও আকুলতার গান। প্রিয় মানুষের বাঁশির সুরে বারবার হৃদয়ের টান অনুভব করেন এক প্রেমিক। নিজেকে দূরে রাখার চেষ্টা করেও শেষ পর্যন্ত ভালোবাসার কাছেই ফিরে আসেন তিনি। ভালোবাসার টান, অপেক্ষা আর মনের না-বলা কথাগুলোই গানের কথায় উঠে এসেছে।
গানটির সঙ্গে প্রকাশ পেয়েছে মিউজিক ভিডিওও। নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়ে এর দৃশ্যধারণ করা হয়েছে। গানের আবহ ও গল্পের সঙ্গে মিল রেখে বেছে নেওয়া হয়েছে এই স্থান। পুরোনো দিনের স্থাপনা ও প্রাকৃতিক পরিবেশ ভিডিওতে যোগ করেছে ভিন্ন মাত্রা।
প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা আর দূরে থাকার কষ্ট—দুই অনুভূতিই ফুটে উঠেছে ‘পাতার বাঁশরি’তে। সহজ কথায় ভালোবাসার ছোট ছোট অনুভূতি তুলে ধরার পাশাপাশি ইশান ও সুনিধি নায়েকের কণ্ঠে প্রকাশ পেয়েছে প্রেম ও বিরহের আবেগ।