দুধ দিয়ে গোসল করে রাজনীতি না করার ঘোষণা বহিষ্কৃত ওয়ার্ড বিএনপিনেতার

দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য  মাহাবুব আলম (৪০)। আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে ধনুয়া গ্রামের নিজ বাড়িতে তার দুধ দিয়ে গোসল করার এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। 

মাহাবুব আলম উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া দক্ষিণপাড়ার আজিম উদ্দিনের ছেলে। তিনি ২০০৬ সালে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত হন। ওই বছরই বাড়িতে খিচুরি রান্না করে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দাওয়াত দিয়ে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন।

মাহাবুব আলম বলেন, আমার পরিবারের সবার অনুরোধে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকব না বলে সিদ্ধান্ত নিয়েছি। ২০০৬ সালে আমি বিএনপিতে যোগ দেই। পরে ২০১৩ সালে ৫নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হই। আমি রাজনীতি করে দুর্দিনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। মাওনা চৌরাস্তায় কিতাব আলী প্লাজায় আমার একটি জুতার দোকান ছিল। সেই দোকান ধরে রাখতে পারিনি রাজনীতি করায়। আজকের পর থেকে কোনো ধরনের রাজনীতির সঙ্গে আমি জড়াব না। বিগত দিনের রাজনৈতিক জীবনে  চলাফেরার মাধ্যমে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি বা আমার কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে ভাই, বন্ধু অথবা ছেলে হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন। আমি অন্যান্য সাধারণ মানুষের মতো আপনাদের সঙ্গে চলাফেরা করব। মা, বাবা এবং পরিবার নিয়ে সুখে-শান্তিতে যেন থাকতে পারি সে কারণে আমি আর রাজনীতিতে সক্রিয় হব না। আপনারা জানেন, একটি মামলায় আমি ৫২ দিন জেল খেটেছি। আমার মা, বাবা এবং পরিবারের লোকজন অনেক কষ্ট করে টাকা-পয়সা দিয়ে আমাকে জেল থেকে ছাড়িয়ে আনেন। জেল থেকে বের হওয়ার পর মামলার ঘটনা নিয়ে আমি একটি সংবাদ সম্মেলন করেছিলাম যেন ছোট্ট ঘটনাটি উঠে আসে। সেই কারণে শ্রীপুর উপজেলা বিএনপি আমাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। আমি উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ ভাইয়ের কাছে সেই নোটিশের জবাব দেই। এর এক মাস পর আমাকে দল থেকে বহিষ্কার করা হয়।

মাহাবুব আলম আরও বলেন, আমার নামে অনেক অপবাদ দেওয়া হয়েছে। এখন আমি যদি দলে না থাকি এবং দলের কোনো কার্যক্রমে অংশগ্রহণ না করি তাহলে আমার নামে আর বদনাম হবে না। সেই কারণেই আমি আর দলের কার্যক্রমে যুক্ত থাকব না এবং কোনো রাজনীতি করব না।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ বলেন, গত ২৯ জুলাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় মাহাবুব আলমকে তার প্রাথমিক সদস্যপদ বাতিলসহ আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *