আর্থিক বনিবনা না হওয়ায় রিয়াল মাদ্রিদ ছেড়ে আর্সেনালে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র– চারপাশে এমন গুঞ্জনই ডালপালা মেলেছিল। গুঞ্জন ওঠেছিল, নিজের ইনস্টাগ্রাম থেকে নাকি ভিনিয়াস রিয়াল মাদ্রিদের সব চিহ্ন মুছে দিয়েছেন। এবার সেসব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা। দীর্ঘমেয়াদী চুক্তিতে প্রিয় ক্লাবেই থেকে গেলেন ভিনি।
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করেছেন ভিনিসিয়াস। নতুন এই চুক্তি অনুযায়ী, ২০৩২ সাল পর্যন্ত লস ব্লাঙ্কোসদের সঙ্গেই থাকছেন তিনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘রিয়াল মাদ্রিদ ও ভিনিসিয়াস জুনিয়র চুক্তির মেয়াদ বাড়াতে একমত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গেই যুক্ত থাকছেন এই ফরোয়ার্ড।’
এর আগে রিয়ালের সঙ্গে ভিনির বর্তমান চুক্তির মেয়াদ ফুরিয়ে আসতে আর মাত্র ১২ মাস বাকি ছিল। এই সুযোগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল তাকে নিজেদের তাঁবুতে টানতে বেশ জোরালোভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
জানা গেছে, ভিনিসিয়াস ও তার প্রতিনিধিদের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে গত দেড় বছর ধরে আলোচনা চালিয়ে আসছিল রিয়াল কর্তৃপক্ষ। মাঝপথে কিছুটা টানাপোড়েন তৈরি হলেও বুধবার রিয়ালের দেওয়া নতুন প্রস্তাবটি বেশ মনে ধরে এই ব্রাজিলিয়ানের।
রিয়ালকে তিনি সবসময়ই নিজের ‘স্বপ্নের ক্লাব’ হিসেবে বলে এসেছেন, আর তাই শেষ পর্যন্ত মাদ্রিদেই দীর্ঘ সময় কাটানোর সিদ্ধান্ত নিলেন তিনি।
২০১৮ সালে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো ক্লাব থেকে রিয়াল মাদ্রিদে পা রেখেছিলেন ভিনিসিয়াস। তিন বছর আগেও একবার তার চুক্তি নবায়ন করা হয়েছিল। সদ্য সমাপ্ত বিশ্বকাপ মিশন শেষে গত সোমবারই ক্লাবের প্রাক-মৌসুম অনুশীলন ও মেডিকেল পরীক্ষার জন্য যোগ দিয়েছেন তিনি।
রিয়ালের জার্সিতে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭৫টি ম্যাচ খেলে ১২৮টি গোল করেছেন ভিনি। ক্লাবটির হয়ে তিনি দুটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা এবং একটি কোপা দেল রে ট্রফি জিতে নিজের সাফল্যের ঝুলি সমৃদ্ধ করেছেন।