ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ল ৬০ হেক্টর জমি

ইন্দোনেশিয়ার জনবহুল জাভা দ্বীপের বিখ্যাত মাউন্ট ব্রোমো জাতীয় উদ্যান এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ৬০ হেক্টর (১৪৮ একর) জমি পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, গত সোমবার (৩ আগস্ট) থেকে শুরু হওয়া এই আগুনে প্রায় ৮০টিরও বেশি ফুটবল মাঠের সমপরিমাণ এলাকা পুড়ে গেছে। পূর্ব জাভা প্রদেশের অন্যতম জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রে এখনও আগুন নিয়ন্ত্রণে লড়াই করছেন অগ্নিনির্বাপক কর্মীরা। খবর এপির। 

উদ্ধারকারী সংস্থা জানায়, খাড়া পাহাড় এবং তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে সমতল থেকে আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে। দুর্গম পাহাড়ের চূড়ায় আগুন নেভাতে বৃহস্পতিবার দুটি ‘ওয়াটার বম্বিং’ হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। এছাড়া কৃত্রিম বৃষ্টির মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

নিরাপত্তার স্বার্থে মাউন্ট ব্রোমোর বেশ কিছু পর্যটন এলাকা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এদিকে চলতি মাসের শুরু থেকেই সুমাত্রা ও বোর্নিও দ্বীপের একাধিক স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। পশ্চিম কালিমান্তান প্রদেশে দাবানলের ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *