জেরুজালেমে দুই ফিলিস্তিনি পরিবারকে নিজেদের বাড়ি ভাঙতে বাধ্য করলো ইসরায়েল

অধিকৃত পূর্ব জেরুজালেমের জাবাল আল-মুকাব্বার এলাকায় দুই ফিলিস্তিনি পরিবারকে নিজেদের বাড়ি নিজেরাই ভেঙে ফেলতে বাধ্য করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

শুক্রবার (৬ নভেম্বর) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, বাড়ি দুটি ২০২০ সালে নির্মাণ করা হয়েছিল। সেখানে বসবাস করতেন দুই পরিবারের মোট ১৮ জন সদস্য। ইসরায়েলি কর্তৃপক্ষের নির্দেশে শেষ পর্যন্ত নিজেদের বসতবাড়ি নিজেরাই ভেঙে ফেলতে বাধ্য হন তারা।

বাড়ি দুটি ভাঙার নির্দেশ ঠেকাতে, এর আগে, ইসরায়েলি কর্তৃপক্ষকে মোট ২৫ হাজার ইসরায়েলি শেকেল (প্রায় ৭ হাজার ৯০০ ডলার) পরিশোধ করেছিলেন পরিবার দুটি। তবে অর্থ পরিশোধ করেও বাড়ি রক্ষা করতে পারেননি তারা। শেষ পর্যন্ত নিজেদের মাথা গোঁজার ঠাঁই নিজেরাই গুঁড়িয়ে দিতে হয়েছে।

এদিকে, সাম্প্রতিক মাসগুলোতে অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙার ঘটনা বেড়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের এমন পদক্ষেপে ওই অঞ্চলের ফিলিস্তিনি পরিবারগুলোর বসতভিটা হারানোর ঘটনা ক্রমেই বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *