জাতীয় দল নিয়ে অনিশ্চয়তায় আর্জেন্টাইন তারকা

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের হতাশা এখনও পুরোপুরি কাটেনি। শিরোপা হাতছাড়া হওয়ার সেই বেদনা সয়ে ওঠার রেশ কাটতে না কাটতেই এবার জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেন অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। আর্জেন্টিনার জার্সিতে তার পথচলা আর দীর্ঘ হবে কি না, তা নিয়ে এখনই কোনো নিশ্চিত বার্তা দিতে পারেননি তিনি।

বিশ্বকাপ মিশন শেষে ক্লাব ফুটবলে ফিরে ও’হিগিন্সের বিপক্ষে ১-০ গোলের জয়ের পর ইএসপিএন-কে দেওয়া সাক্ষাৎকারে পারেদেস বলেন, ‘আমি এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। সবকিছু হজম করতে হবে, ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। বিষয়টি নিয়ে সামনে আলোচনা করতে হবে।’

৩২ বছর বয়সী এই তারকার এমন মন্তব্য নতুন করে ভাবনায় ফেলেছে আর্জেন্টিনা শিবিরকে। কারণ, ফাইনালের পর থেকেই দলটির অধিনায়ক লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়েও চলছে নানা গুঞ্জন।

পারেদেস আরও যোগ করেন, ‘অনেকের জন্যই জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়া বা না যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন হবে। দারুণ এক যাত্রা ছিল এটি, আমরা অনেক বড় সাফল্য পেয়েছি। তবে এই মান ধরে রাখা এবং দলটাকে একই সুতোয় গেঁথে এগিয়ে নেওয়া বেশ কঠিন কাজ। আমাদের অনেক কিছু বিবেচনা করতে হবে, কোচের সঙ্গে কথা বলে তবেই শান্ত মাথায় সিদ্ধান্ত নিতে হবে।’

এদিকে বিশ্বকাপ ফাইনালকে ঘিরে চারদিকে ছড়িয়ে পড়া নানা মুখরোচক ও ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিয়েছেন পারেদেস। স্পষ্ট ভাষায় তিনি বলেন, ‘মানুষ যা বলে, তার সবই যদি বিশ্বাস করতে শুরু করি, তবে তো পাগল হয়ে যেতে হবে। ফাইনালের আগে ও পরে কত কথাই না হয়েছে! তবে সত্যি এটাই যে আমরা দারুণ একটা বিশ্বকাপ খেলেছি। ফাইনালে স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে এবং তারাই চ্যাম্পিয়নের প্রাপ্য সম্মান পেয়েছে।’

পাশাপাশি মিসরের বিপক্ষে ম্যাচের পর পাওয়া নিজের চোটের কথাও প্রকাশ করেন এই মিডফিল্ডার। পাঁজরে ছোটখাটো ফাটল থাকা সত্ত্বেও ব্যথানাশক ও চিকিৎসকদের সহায়তায় লড়াই চালিয়ে গেছেন তিনি।

সব মিলিয়ে ফাইনালে হারের কষ্ট সহজে ভুলবার নয় উল্লেখ করে পারেদেস বলেন, ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে। ট্রফি জিততে না পারলেও গত আট বছর ধরে আমরা যা অর্জন করেছি, সেটাই এখন উপভোগ করার সময়। মানুষ যেভাবে আমাদের দলের মধ্যে নিজেদের খুঁজে পেয়েছে, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *