ঝিনাইদহের কালীগঞ্জে ছাগলচোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার (২২ জুলাই) চোরচক্রের এই তিন সদস্যকে পাশের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী তিন রাস্তার মোড় থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা তিন চোর হলেন কালীগঞ্জ উপজেলার ধলাদাতপুর গ্রামের আজিজুল ইসলাম (২৬), কামালহাট গ্রামের রাজিব হোসেন (২৩) ও একই গ্রামের নাহিদ ইসলাম (১৯)।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, গতকাল সকাল ৬টার দিকে উপজেলার রাকড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন (৪৫) তার আনুমানিক ১০ হাজার টাকা মূল্যের একটি কালো রঙের খাসি বাড়ির সামনে পাকা রাস্তার পাশে বেঁধে রাখেন। সকাল অনুমান ৯টা-১০টার মধ্যে আসামিরা একটি পুরাতন ভ্যানগাড়িযোগে এসে খাসিটি চুরি করে দ্রুত পালিয়ে যান।
এরপর ভুক্তভোগী ও স্থানীয় লোকজন খাসিটি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কোটচাঁদপুর থানাধীন এলাঙ্গী তিন রাস্তার মোড়ের একটি চায়ের দোকানের সামনে খাসিটিসহ আসামিদের দেখতে পান এবং স্থানীয়দের সহযোগিতায় তাদের আটকে রেখে থানায় খবর দেন।
খবর পেয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নুহনবী সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে আসামিদের আটক করেন এবং চোরাই খাসিটি উদ্ধারপূর্বক নিজ হেফাজতে নেন। এ ঘটনায় ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার এসআই মো. নুহনবী বলেন, গ্রেপ্তার করা আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।