চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় সিরাজগঞ্জে তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (১ম) আদালতের বিচারক লায়লা শারমীন এই রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) শামচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করার জন্য পরিকল্পিত চালককে হত্যা করা হয়।
রায় ঘোষণার সময় দণ্ডাদেশপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার দিঘলকান্দি গ্রামের মনির হোসেন, আনছার আলী ও আব্দুল বাছেদ।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, নিহত আসাদুল পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। তার বাড়ি বগুড়া জেলার শেরপুরে। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা এলাকার আব্দুর রহমান নামে একজনের অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন। ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি প্রতিদিনের ন্যায় সকালে আসাদুল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ১০টা পর্যন্ত তিনি সিএনজিচালিত অটোরিকশা মালিকের কাছে জমা না দেওয়ায় মালিক আব্দুর রহমান ও পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। এমতাবস্থায় পরের দিন ১৭ ফেব্রুয়ারি লোকমুখে সংবাদের ভিত্তিতে সিএনজিচালিত অটোরিকশার মালিক জানতে পারেন সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামে রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় একটি মরদেহ (আসাদুলের) পড়ে আছে। পরে তিনি ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ শনাক্ত করেন।
এ ঘটনায় শিয়ালকোল ইউনিয়নের চৌকিদার শ্রী শুকুমার চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মামলা তদন্ত শেষে পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আসামিরা সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করার জন্য পরিকল্পিতভাবে তা ভাড়া নেয়। তারা চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।
দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযুক্ত তিন আসামিকে আজ সোমবার উল্লিখিত দণ্ডাদেশ দেন আদালত।