গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকদের মধ্যে হাতাহাতি আর ব্যাপক উত্তেজনার ঘটনা ঘটেছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে জেলা ইনডোর স্টেডিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠান চলাকালে এনসিপি কয়েকজন নেতাকর্মী ইনডোর স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করতেই জুলাই যোদ্ধারা বিভিন্ন স্লোগান দিতে শুরু করে। এনসিপিনেতারা তার প্রতিবাদ করতে গেলে কয়েকজন জুলাইযোদ্ধা এনসিপি বয়কট স্লোগান দিয়ে হাতাহাতি শুরু হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এনসিপি বয়কটের স্লোগানের বিষয়ে জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম আকাশ বলেন, জুলাই যোদ্ধাদের নিয়ে কেউ অসম্মান করলে তাদের ছাড় দিয়ে কথা বলব না। তারা আজকে আমাদের অসম্মান করেছে, তাই এই স্লোগান দিতে বাধ্য হয়েছি।
এ বিষয়ে এনসিপি জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি বলেন, যে ছেলেরা এনসিপি বয়কটের স্লোগান দিয়েছে তারা হয়তো কোনো ক্ষোভ থেকেই এ স্লোগান দিয়েছে। গণতান্ত্রিক স্বাধীন দেশে যেকেউ স্লোগান দিতেই পারে।