জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহ্যবাহী সংবাদকর্মী সংগঠন ‘কালাই প্রেসক্লাব’-এর আগামী দুই বছরের জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টায় কালাই প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ক্লাবের সব সদস্যের সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠ-এর কালাই উপজেলা প্রতিনিধি অ্যাডভোকেট নাফিউৎজামান তালুকদার ডলার। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এনটিভি অনলাইনের (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) প্রতিনিধি এবং দৈনিক রূপালী বাংলাদেশের কালাই প্রতিনিধি সজিবুল ইসলাম পাভেল।
কমিটিতে নির্বাচিত অন্যান্য কর্মকর্তা হলেন—সহসভাপতি মিজানুর রহমান (দৈনিক ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুন নুর নাহিদ (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক ফারুখ হোসেন (দৈনিক মুক্ত খবর), দপ্তর সম্পাদক আসাদুজ্জামান নয়ন (দৈনিক ভোরের দর্পণ), প্রচার ও প্রকাশনা সম্পাদক তানজীর আহমেদ সাকিব (দৈনিক সরেজমিন), আইনবিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক (দৈনিক প্রতিদিনের সংবাদ), ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক লিটন তালুকদার (দৈনিক স্বদেশ বিচিত্রা) এবং অর্থ সম্পাদক মো. জাহিদুল ইসলাম (দৈনিক উত্তরের দর্পণ)।
এছাড়া নতুন কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম (ঢাকা ক্যানভাস), আব্দুল হাই (বাংলা এডিশন) এবং আরমান হোসেন (টাইমস টুডে)।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত কালাই প্রেসক্লাব দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে উপজেলার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় একটি শীর্ষ স্থানীয় ও নির্ভরযোগ্য সংগঠন হিসেবে দায়িত্ব পালন করে আসছে।