চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য নতুন কোন কর আরোপ ছাড়াই ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় চাঁদপুর পৌর মাল্টিপারপাস হলে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
পৌর নির্বাহী কর্মকর্তা নুর আজম শরীফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির। আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক, পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাজেটে ২০২৬-২০২৭ অর্থবছরে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৬৮ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা, প্রারম্ভিক স্থিতি ৩ কোটি ১৯ লাখ ১৫ হাজার ২৯৪ টাকা, উন্নয়ন খাতে আয় (রাজস্ব উদ্বৃত্ত ব্যতীত) ১৩৪ কোটি ২০ লাখ টাকা। মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা, সমাপনী স্থিতি ৪ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ২৯৪ টাকা, উন্নয়ন খাতে ব্যয় (রাজস্ব উদ্বৃত্ত সহ) ১৪৫ কোটি ৭০ লাখ টাকা।