উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

দীর্ঘদিন উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুষ্টিয়া শহরের থানা পাড়ায় বাসার গেটের সামনে এসে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে এক বখাটে যুবক। আজ সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার  দিকে থানাপাড়ায় ক্রিসেন্ট ক্লাবের কাছে ওই শিক্ষার্থীর ভাড়া বাসার সামনে এ ঘটনা ঘটে।

এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

আহত ওই শিক্ষার্থীর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা একটি ওষুধ কোম্পানিতে চাকরি করার সুবাদে তারা কুষ্টিয়া শহরের থানা পাড়ায় ভাড়া বাসায় থাকে।

পুলিশ জানায়, আজ দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরে ওই শিক্ষার্থী। বাসার সামনে এসে গেট খোলার অপেক্ষা করছিল সে। হঠাৎ কালো শার্ট পরা ইমন নামে ওই বখাটে যুবক গিয়ে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। ওই শিক্ষার্থীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে ছুরিটি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত ইমন। পরে স্থানীয়রা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ওই শিক্ষার্থীর পরিবার জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল মজমপুর এলাকার ইমন নামে ওই বখাটে যুবক। সেও একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য বিরক্ত করা বন্ধ রাখে সে। তবে পরিবারের ধারণা, তার অভিভাবকদের কাছে অভিযোগ করায় পরিকল্পিতভাবেই ছুরিকাঘাত করা হয়ে থাকতে পারে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি। আসামিকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *