ইয়াবাসহ আটক তিন যুবককে জেল-জরিমানা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় গাঁজা ও ইয়াবা সেবনের সময় স্থানীয়দের হাতে আটক হওয়া তিন যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. সোহাগ হাওলাদার (১৮), বেড়নবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. সুমন ফরাজী (৩০) ও একই গ্রামের বাসিন্দা মো. ইমন জমাদ্দার (২৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ওই তিন যুবক বিষখালী নদী পার হয়ে নলছিটির ভেড়নবাড়িয়া এলাকা থেকে রাজাপুর উপজেলার চল্লিশকাহনিয়া এলাকায় ইয়াবা ও গাঁজা কিনতে আসেন। চল্লিশকাহনিয়া খেয়াঘাটের পশ্চিম পাশে মাদক সেবনকালে স্থানীয় বাসিন্দারা তাদের হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। সংবাদ পেয়ে প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে তিনটি ইয়াবা ট্যাবলেট ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *