যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামে ইট বোঝাই ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার গোগা গ্রামের সালামের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর কোতোয়ালি থানার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মোটরসাইকেল চালক নাহিদ (৩০) ও বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জমাত আলীর ছেলে উষা রহমান (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে একটি মোটরসাইকেলে করে তিন যুবক রুদ্রপুর সীমান্তের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি গোগার সালামের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী নাহিদ ও উষা রহমান ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা রুবেল হোসেন (২৭) নামের অপর এক যুবক গুরুতর আহত হন। তিনি বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের শাহাজান আলীর ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, দুর্ঘটনার পর ট্রাক্টরটি জব্দ করা হয়েছে এবং ঘাতক চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।