বরিশালের মেহেন্দিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১৯ জুলাই) বিকেলে মেহেন্দিগঞ্জ পৌরসভার খরকী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- খরকী এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে নাহিয়ান (৮) ও একই এলাকার ইউসুফ তালুকদারের ছেলে ইয়াকুব (৮)। তারা দুজনই স্থানীয় খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সকালে নাহিয়ান ও ইয়াকুব একসঙ্গে বিদ্যালয়ে যায়। দুপুর পৌনে ১২টার দিকে বিদ্যালয় ছুটি হলেও তারা আর বাড়িতে ফেরেনি। দীর্ঘ সময় পার হওয়ার পরও শিশুরা ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর, বিকেল ৫টার দিকে খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি পুকুরঘাটে তাদের জুতা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে কয়েকজন পুকুরে নেমে তল্লাশি চালিয়ে দুই শিশুর অচেতন দেহ উদ্ধার করেন।
খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র দাস বলেন, নাহিয়ান ও ইয়াকুব রোববার শ্রেণিকক্ষে উপস্থিত ছিল। দুপুর পৌনে ১২টায় বিদ্যালয় ছুটি হওয়ার পর বিকেল ৫টার দিকে তাদের মৃত্যুর খবর পাই। দুজনই খুব মিশুক স্বভাবের ছিল। শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে তাদের ভালো সম্পর্ক ছিল। দুই শিক্ষার্থীর এমন অকালমৃত্যু মেনে নেওয়া কঠিন। তাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন বলেন, ঘটনাটি তিনি জেনেছেন। তবে এ বিষয়ে থানায় এখনও কেউ আনুষ্ঠানিক অভিযোগ বা তথ্য দেয়নি। বিষয়টি খোঁজখবর নিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।