আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে : তথ্যমন্ত্রী

ভোলা-বরিশাল সেতুর জন্য কাজ করে যাচ্ছি, এটা অনুমোদনের অপেক্ষায়। এখানে মেডিকেল কলেজও হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তিন দিনের সফরে ভোলায় এসে শহরের নতুন বাজার চত্বরে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এক সংক্ষিপ্ত সমাবেশে মন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নদী ভাঙন রোধের জন্য ৭০০ কোটি টাকা এবং  রাস্তাঘাট মেরামতের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, আপনারা জানেন দেশে এখন গ্যাসের অসুবিধা, বিদ্যুতে অসুবিধা—আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন।

মন্ত্রী আরও বলেন, আল্লাহ যদি চায় ভোলাতে সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করব। এ উন্নয়নমূলক কাজ করার সময় জামায়াত বলেন আর বিরোধী দল বলেন সবাইকে একসঙ্গে নিয়ে নিবেন। যাতে ভোলার উন্নয়নে আমরা এক থাকতে পারি। ভোলায় আর কোনো হানাহানি, মারামারি ও টেন্ডারবাজি হবে না।

এর আগে তথ্যমন্ত্রী সড়ক পথে বরিশাল হয়ে ভোলায় আসেন। তিনি ভোলার খেয়াঘাটে এলে জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, বিজেপি জেলা সভাপতি আমিরুল ইসলাম রতনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় রাস্তার দুই পাশে হাজারো দলীয় নেতাকর্মীরা ফুল নিয়ে অবস্থান করে। তারা সবাই মন্ত্রীকে স্বাগত জানায়। ব্যানার ফেস্টুন নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও কর্মীদের মধ্যে আগ্রহের কমতি ছিলে না মন্ত্রীকে একনজর দেখার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *