ঝালকাঠির কাঁঠালিয়ায় মাঠে ধানের চারা রোপণের সময় বজ্রাঘাতে মো. দেলোয়ার হোসেন খান (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মো. হারুন খানের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ বুধবার বৃষ্টির মধ্যে নিজের জমিতে ধানের চারা রোপণ করছিলেন দেলোয়ার হোসেন। দুপুর পৌনে ১২টার দিকে বজ্রাঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহিন খান বলেন, মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে দেলোয়ারের মৃত্যু হয়েছে। তিনি অত্যন্ত পরিশ্রমী মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাঁঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল বলেন, বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।