বাংলাদেশের ফুটবলে শুরু হয়েছে নতুন অধ্যায়। কোচ হাভিয়ের কাবরেরার পর দেশের ফুটবলের দায়িত্ব নিয়েছে থমাস ডুলি। জামাল-হামজাদের নতুন কোচের প্রথম পরীক্ষা সান মারিনোর বিপক্ষে। আগামী ৫ জুন দেশটির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে আজ সোমবার (২৫ মে) থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প।
ক্যাম্পে যোগ দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। নতুন করে শুরু করতে চান তিনি। কাবরেরা অধ্যায় ভুলে সামনে এগোতে চান তিনি। কাবরেরার সময়ে কেবল কাগুজে অধিনায়ক ছিলেন জামাল। কথা বলেছেল সেসব নিয়েও।
জামাল বলেন, ‘নতুন কোচ, নতুন শুরু। আমি ভালো কিছু আশা করি। আগের কোচ আমাকে ঠিক পছন্দ করতেন না। এটা সবাই জানত, সবাই জানে। এখন নতুন কোচ, নতুন শুরু, সবকিছু নতুন। এখানে আমি আমার সেরাটা দেব।’
ইউরোপের মাটিতে সান মারিনোর সঙ্গে ম্যাচটি নিয়ে বেশ রোমঞ্চিত জামাল। বাংলাদেশ অধিনায়কের প্রত্যাশা ভালো কিছুর। নিজেদের স্কোয়াডও বেশ শক্তিশালী বলে জানান তিনি।
জামাল বলেন, ‘প্রত্যাশা তো অনেক উঁচুতে। আমি জানি আমাদের স্কোয়াড অনেক ভালো, অনেক শক্তিশালী। এবারই প্রথম আমরা ইউরোপে গিয়ে খেলব। তাই অনুভূতি একটু আলাদা হবে, কারণ সেখানকার আবহাওয়া এশিয়ার চেয়ে আলাদা। সেখানে গেলে কীভাবে মানিতে নিতে হবে, সেটা আমরা খুঁজে বের করব। তবে, এটি আলাদা একটা ম্যাচ হবে। আমরা রোমাঞ্চিত।’