অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল বৃদ্ধার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ি সংলগ্ন রামদিয়া-বহরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আসমত শেখের স্ত্রী।

পুলিশ জানায়, পদমদী গ্রামে ছেলের বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে নিজ বাড়ি গোবিন্দপুরে ফিরছিলেন আমেনা বেগম। পথে চলন্ত অটোভ্যানের চাকায় তার পরনের ওড়না পেঁচিয়ে গেলে তিনি গুরুতর আহত হন। এরপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *