আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে বাধ্যতামূলক শুল্ক বা টোল বসানোর যে কোনো চেষ্টার তীব্র বিরোধিতা করেছে বিশ্বের ৮টি বৃহৎ শিপিং সংস্থা।
সংস্থাগুলো এক যৌথ চিঠিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) প্রধান আরসেনিও ডোমিঙ্গুয়েজের কাছে এই দাবি জানায়।
চিঠিতে বলা হয়, কৌশলগত এই প্রণালিতে বাধ্যতামূলক টোল বা সেবা মাশুল আরোপ করা আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী। সংস্থাগুলোর আশঙ্কা, এখানে এমন নিয়ম চালু হলে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ জলপথগুলোতেও একই ধরনের বিপজ্জনক নজির তৈরি হতে পারে।
আন্তর্জাতিক শিপিং চেম্বারসহ (আইসিএস) মোট আটটি আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থা এই চিঠিতে স্বাক্ষর করেছে। এদের মধ্যে এশিয়ান শিপওনার্স অ্যাসোসিয়েশন, বিমকো, ক্রুজ লাইনস ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন, ইউরোপীয় শিপওনার্স, ইন্টারকার্গো, ইন্টারট্যাঙ্কো ও ওয়ার্ল্ড শিপিং কাউন্সিল অন্যতম।
চিঠিতে নৌপথে যাতায়াতকারী নাবিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়।