প্রভাসের বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া অ্যাকশন ছবি ‘স্পিরিট’ ঘিরে উত্তেজনা যেন দিন দিন বাড়ছে। ‘অ্যানিম্যাল’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই সিনেমা শুটিং শুরুর আগেই কাস্টিং নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সম্প্রতি খবর ছড়িয়েছে, দীপিকা পাড়ুকোন ছবিটি থেকে সরে দাঁড়ানোর পর নির্মাতারা নাকি ক্যাটরিনা কাইফের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে ছবির মূল নায়িকা হিসেবে নয়, বরং একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্র বা ক্যামিও চরিত্রে তাঁকে দেখা যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
সূত্রের দাবি, ক্যাটরিনার চরিত্রের পর্দায় উপস্থিতি বেশি দীর্ঘ না হলেও গল্পের একটি গুরুত্বপূর্ণ মোড়ে তাঁর এন্ট্রি হতে পারে। সেই চরিত্রই নাকি সিনেমার কাহিনিতে বড় পরিবর্তন আনবে।
এই খবর সত্যি হলে দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও তেলুগু সিনেমায় দেখা যাবে ক্যাটরিনাকে। এর আগে ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু সিনেমা ‘মল্লীশ্বরী’ ও ‘অল্লী পিডুগু’-তে অভিনয় করেছিলেন তিনি।
এদিকে দীপিকা পাড়ুকোনের ‘স্পিরিট’ থেকে সরে যাওয়া নিয়েও নানা আলোচনা চলছে। শোনা যাচ্ছে, পারিশ্রমিক, শুটিংয়ের সময়সূচি ও কিছু শর্ত নিয়ে নির্মাতাদের সঙ্গে মতপার্থক্যের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি।
দীপিকার জায়গায় অভিনেত্রী তৃপ্তি দিমরিকে নেওয়া হয়েছে বলেও খবর রয়েছে। তবে ক্যাটরিনার সম্ভাব্য উপস্থিতি নিয়ে এখন বলিউডে শুরু হয়েছে নতুন জল্পনা। নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
এসএন/পিডিকে