সৌদির প্রস্তাব ফিরিয়ে ইউরোপেই থাকছেন সালাহ!

লিভারপুলের সঙ্গে দীর্ঘ ও গৌরবময় অধ্যায় শেষ করে এবার নতুন চ্যালেঞ্জের পথে মোহাম্মদ সালাহ। ইউরোপীয় ফুটবলে নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই মহা তারকা! তুরস্কের শীর্ষ ক্লাব বেসিকতাসে তার যোগ দেওয়া এখন সময়ের ব্যাপারমাত্র! সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী কয়েক দিনের মধ্যেই এই দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

ইতালীয় ট্রান্সফার বিশেষজ্ঞ সাংবাদিক নিকোলো শিরার তথ্য অনুযায়ী, সালাহ ও তার প্রতিনিধিদের সঙ্গে ব্যক্তিগত চুক্তির সব শর্তে একমত হয়েছে বেসিকতাস। প্রস্তাবিত চুক্তিতে এক মৌসুমের জন্য ১২ মিলিয়ন ইউরো পারিশ্রমিকের বিষয়টি চূড়ান্ত হয়েছে। পাশাপাশি, পারফরম্যান্স ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৮ সালের গ্রীষ্ম পর্যন্ত নেওয়ার সুযোগও রাখা হয়েছে।

শিরার দাবি, বেসিকতাসের নতুন প্রকল্প সম্পর্কে সালাহকে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দলের ইতালীয় কোচ ভিনচেনজো ইতালিওনো। তার সঙ্গে ইতিবাচক আলোচনার পরই দুই পক্ষের সমঝোতা দ্রুত চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। বর্তমানে আনুষ্ঠানিক ঘোষণার আগে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার কাজ করছে বেসিকতাস কর্তৃপক্ষ।

লিভারপুলে টানা নয় মৌসুম কাটিয়ে সম্প্রতি ক্লাবটির সঙ্গে নিজের সফল অধ্যায়ের ইতি টেনেছেন সালাহ। এই সময়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগসহ ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ের প্রায় সব বড় শিরোপাই জিতেছেন তিনি। একই সঙ্গে অসংখ্য গোল, রেকর্ড ও ব্যক্তিগত অর্জনের মাধ্যমে লিভারপুল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান পোক্ত করেছেন।

সালাহকে দলে টানতে সৌদি প্রো লিগের একাধিক ক্লাবও আগ্রহ দেখিয়েছিল। বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিল। তবে সাম্প্রতিক তথ্য বলছে, বিপুল অর্থের প্রস্তাবের চেয়ে ইউরোপের প্রতিযোগিতামূলক ফুটবলেই ক্যারিয়ার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেই কারণেই তার পরবর্তী গন্তব্য হিসেবে বেসিকতাসই এখন সবচেয়ে সম্ভাব্য নাম হয়ে উঠেছে। তবে ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত এই দলবদল হয়েছে বলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না!

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *