ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে চকশিবানন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা একটি বাংলাদেশি চোরাকারবারি দলের ওপর গুলি চালালে তিনি গুরুতর আহত হন। পরে ভারতীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টা ৪০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। নিহত আসাদুল হক ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা দক্ষিণ ইন্দ্রইল গ্রামের বাসিন্দা।
বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী নিহত আসাদুল হক চিহ্নিত মাদক চোরাকারবারি ও মানবপাচারের সঙ্গে জড়িত ছিলেন। পীরগঞ্জ থানায় তার বিরুদ্ধে মাদক ও মানবপাচারের একাধিক মামলা রয়েছে।
ঘটনার পর দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ভারতের ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে ১৩ সেপ্টেম্বর বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।