বসতঘরে মাটিচাপা দেওয়া শিশুর মরদেহ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর মরিয়ম আক্তার (৭) নামের প্রথম শ্রেণির এক শিশুশিক্ষার্থীর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরলোটাবর এলাকার জামিনুর নামের এক ব্যক্তির বসতঘরের মাটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মরিয়ম ওই এলাকার বাহাদুর আলীর মেয়ে এবং সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল মরিয়ম। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজেও তার কোনো সন্ধান পাননি। শনিবার রাতে বিদ্যালয়ের সংলগ্ন জামিনুরের ঘরে তার মাটির নিচে চাপা দেওয়া মরদেহের সন্ধান মেলে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জামিনুরকে আটক করে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইজনকে আটক করা হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণসহ আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *