সালাউদ্দীন তানভীরকে আবারও অব্যাহতি দিল এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলের যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে আবারও সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে।

আজ শুক্রবার (৩১ জুলাই) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

গাজী সালাউদ্দীন তানভীরের উদ্দেশে লেখা চিঠিতে বলা হয়, আপনার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এরকম একটি মন্তব্য করতে দেখা গেছে। উক্ত বিষয়ের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আপনাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

একই সঙ্গে, কেন আপনার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আপনার লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা এই নোটিশ প্রাপ্তির দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নিকট দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে ২০২৫ সালের ২১ এপ্রিল দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।

গাজী সালাউদ্দীন তানভীরকে ওই সময় জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং পাঠ্যবই ছাপার কাগজের কমিশন-বাণিজ্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে এ সাময়িক অব্যাহতি প্রদান করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *