সংবিধানের কোনো সাধারণ সংশোধন নয়, বরং সংবিধানের আমূল সংস্কারের জোরালো দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদের পথ অনুসরণ করে সংখ্যাগরিষ্ঠতার ছড়ি ঘোরালে তা দেশের জনগণ মেনে নেবে না।
আজ শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা ১১ দলীয় ঐক্য আয়োজিত ‘২০২৪-এর গণঅভ্যুত্থান : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা ধারণাগতভাবে কোনো সংশোধন মানব না, সংবিধানের আমূল সংস্কার চাই।সরকার ৩০ দিনের মধ্যে বৈঠক না ডেকে সংবিধান ও আইন লঙ্ঘন করেছে। সামান্য কিছু ছোটখাটো কারেকশন দিয়ে সংবিধানের মৌলিক পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ছয়টি কমিশনের প্রস্তাব অনুযায়ী সংবিধানের আমূল পরিবর্তনই জনগণের প্রত্যাশা।
বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, পাঁচ মাস পার হলেও দেশে কোনো পরিবর্তন আসেনি; সর্বত্র দলীয়করণ বাসা বেঁধেছে। জেলা পরিষদ, পৌরসভা থেকে শুরু করে ইমামদের ভাতাতেও দলীয় লোক বসানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
যদি সংসদে জনগণের এই রায় মেনে না নেওয়া হয়, তবে গণভোটে ‘হ্যাঁ’ বলা ৭০ শতাংশ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
জামায়াতের যশোর জেলা আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির, বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং স্থানীয় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।