সামরিক সরঞ্জামে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ ইরান: ব্রিগেডিয়ার এলহামি

সামরিক সরঞ্জাম, অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ইরান এখন পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ বলে দাবি করেছেন দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) তেহরানে এক বক্তব্যে তিনি বলেন, নিজস্ব জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তি কাজে লাগিয়ে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী প্রয়োজনীয় সরঞ্জাম ও অস্ত্র তৈরি এবং আধুনিকায়ন করছে। এ ক্ষেত্রে কোনো বিদেশি উৎসের ওপর নির্ভর করতে হচ্ছে না।

এলহামি বলেন, সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুদ্ধ চলাকালীনও নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি ও উন্নয়ন করা হয়েছে। এসব ব্যবস্থাকে পরবর্তী সময়ে যুদ্ধক্ষেত্রে মোতায়েনও করা হয়।

তিনি আরও বলেন, এখন কিংবা ভবিষ্যতে যেকোনো ধরনের সংঘাত মোকাবিলায় প্রস্তুত রয়েছে ইরান। কারণ, দেশের জন্য হুমকি এখনো শেষ হয়নি। সাম্প্রতিক যুদ্ধ ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তাও স্পষ্ট করেছে।

ইরানের বিমান প্রতিরক্ষা কমান্ডার বলেন, দেশটির তরুণ প্রতিরক্ষা বিজ্ঞানী, জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের প্রয়োজন অনুযায়ী সামরিক সরঞ্জাম তৈরি করা হচ্ছে।

এলহামির দাবি, সাম্প্রতিক যুদ্ধে ইরানের জাতীয় শক্তি ও প্রতিরক্ষা সক্ষমতার নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে। বিশেষ করে বিপ্লবী গার্ডস— আইআরজিসির বিমান প্রতিরক্ষা ইউনিটের সদস্যদের সাহস ও প্রতিরোধ শত্রুর আগ্রাসন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *