ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স  মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী। ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ কোনো তৎপরতা শনাক্ত হলে সেটি হামলার লক্ষ্যবস্তু হতে পারে এবং মার্কিন গোয়েন্দা সংস্থা স্থানটির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে নতুন এ হুমকি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সাথে আলাপকালে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে চলা সামরিক অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি।

যুক্তরাষ্ট্রের হামলায় আগে থেকেই ক্ষতিগ্রস্ত ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছেই ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এর অবস্থান। এটিকে অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের (ইরান) হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, এটা আমরা নিশ্চিত করেছি। ইরানের ‘পিকঅ্যাক্স’ বা অন্য যেকোনো জায়গায় কারা কী করছে, তার সবকিছুই আমাদের জানা। কোনো সমস্যা মনে হলে আমরা তাদের ওপর আঘাত হানব এবং সেই আঘাত হবে অত্যন্ত কঠোর। মাত্র পাঁচ মাসের মধ্যেই আমরা তাদের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকিয়েছি। আমার মনে হয়, বারবার রাডার বসানো আর তা ধ্বংসের ঘটনায় তারা এখন ক্লান্ত হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *