সাফে কঠিন গ্রুপে বাংলাদেশ, মুখোমুখি ভারত-পাকিস্তান

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দেশের মাটিতে বসছে সাফ পুরুষ চ্যাম্পিয়নশিপের আসর। আজ শনিবার (১ আগস্ট) বিকেলে ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের গ্রুপ নির্ধারণী ড্র। ড্রয়ে স্বাগতিক বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে।

ফিফার নিষেধাজ্ঞা থাকায় এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয়টি দল। ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। তবে ফিফার নিষেধাজ্ঞায় থাকা নেপাল যদি সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞামুক্ত হতে পারে, তাহলে তারা সঙ্গী হবে বাংলাদেশের।

হামজা চৌধুরী-শমিত সোমদের আগমণে বাংলাদেশ এখন অনেক শক্তিশালী দল। তবে, একই পরিকল্পনায় শ্রীলঙ্কাও নিজেদের শক্তি বাড়িয়েছে। দলটির সাম্প্রতিক ম্যাচগুলোর স্কোয়াডে থাকা অধিকাংশ খেলোয়াড়ই ছিল প্রবাসী ফুটবলার।

অন্যদিকে, ড্রয়ে ‘বি’ গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই গ্রুপে তাদের সঙ্গে অপর দল হিসেবে রয়েছে মালদ্বীপ। দুই গ্রুপের সেরা চার দল লড়বে সেমিফাইনালে।

উল্লেখ্য, নেপাল নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলে চার দলের গ্রুপ হয়ে যাবে ‘এ’ গ্রুপ। তবে চার দলের গ্রুপ হলেও শীর্ষ দুটি দলই সেমিফাইনালে উঠবে। আর নেপাল শেষ পর্যন্ত না খেলতে পারলে তিন দলের গ্রুপ নিয়েই খেলা গড়াবে মাঠে।

২০০৩ সালে শেষবার সাফ ট্রফি জিতেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ ১৪ বছরের খরা কাটিয়ে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত আসরে সেমিফাইনাল খেলার স্বাদ পায় লাল-সবুজের দল। আর ২০১৮ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে এবার ফের দেশের মাটিতে সাফ আয়োজনের রোমাঞ্চের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *