সাঙ্গু নদীতে নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

বান্দরবানের থানচি উপজেলায় সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাপাথর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, আলীকদম থেকে ১৩ সদস্যের একটি পর্যটক দল মোটরসাইকেলে করে ডিম পাহাড় হয়ে তিন্দুতে যায়। পরে তিন্দু থেকে লাংলোক ঝরনা ভ্রমণের উদ্দেশ্যে তারা নৌকায় রওনা দেন। পথিমধ্যে রাজাপাথর এলাকায় সাঙ্গু নদীর প্রবল স্রোতে পর্যটকবাহী নৌকাটি উল্টে যায়। দুর্ঘটনার সময় নৌকায় থাকা অন্য পর্যটকেরা স্থানীয়দের সহায়তায় নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও এক পর্যটক পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হন।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, রাজাপাথর এলাকায় নৌকাডুবির পর থেকে এক পর্যটক নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সমন্বয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *