সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক রেকর্ড গড়লেন চিত্রনায়িকা পরীমনি। বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় দীর্ঘদিন শীর্ষে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে ছাড়িয়ে এখন এক নম্বরে উঠে এসেছেন এই অভিনেত্রী।
বর্তমানে পরীমনির ফেসবুক অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে দেশের তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীর তালিকায় শীর্ষস্থান এখন পরীমনির দখলে।
অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সক্রিয় উপস্থিতির কারণে ভক্তদের কাছে আলাদা জনপ্রিয়তা তৈরি করেছেন পরীমনি। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, সন্তানের সঙ্গে সময় কাটানোর দৃশ্য, ভ্রমণ, ছবি ও নতুন কাজের খবর নিয়মিত শেয়ার করেন তিনি।
পরীমনির মতে, ভক্তদের সঙ্গে খোলামেলা সম্পর্কই তাঁর জনপ্রিয়তার অন্যতম কারণ। মানুষের ভালোবাসাকে নিজের সবচেয়ে বড় অর্জন মনে করেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ফেসবুক অনুসারীর সংখ্যায় পরীমনি ও সাকিব আল হাসানের মধ্যে এর আগেও কয়েকবার পালাবদল হয়েছে। কখনো এগিয়ে গেছেন সাকিব, আবার কখনো পরীমনি। তবে এবার ব্যবধান বাড়িয়ে দেশের তারকাদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের শীর্ষ অবস্থান নিজের করে নিলেন পরীমনি।
এসএন/পিডিকে