শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় : হুঁশিয়ারি ককরোচ পার্টির

ভারতে ‘নিট’ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগে নিজেদের অবস্থানে আরও কঠোর হয়েছে আন্দোলনকারী দল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করা হলে নতুন করে আলোচনার কোনো যৌক্তিকতা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে সংগঠনটি। খবর এনডিটিভির।

আজ শনিবার (২৫ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি অনমনীয় এবং এটি নিয়ে কোনো আপস হবে না। সরকার যদি এই প্রস্তাবে রাজি না হয়, তবে পরবর্তী আলোচনার কোনো অর্থই হয় না।

এর আগে শুক্রবার কনস্টিটিউশন ক্লাবে সিজেপির প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং।

আন্দোলনকারীদের তিনটি মূল দাবির মধ্যে দুটি দাবির বিষয়ে কেন্দ্র নীতিগতভাবে সম্মত হয়েছিল। এগুলো হলো– আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়া এবং প্রশ্ন ফাঁসের কারণে হতাশায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়া। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়েই এসে আলোচনা থমকে যায়।

সরকারি উচ্চপদস্থ সূত্রের বরাতে জানা গেছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রশ্নই ওঠে না। সরকার তার পক্ষে শক্ত অবস্থানে রয়েছে। তবে সংকট সামাল দিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ৪৭ জন কর্মকর্তাকে বরখাস্ত করেছে কেন্দ্র এবং দ্রুতগতির আদালত গঠনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন নির্দেশনার কথাও জানানো হয়েছে। যদিও আন্দোলনকারীরা বলছেন, কেবল কর্মকর্তা ছাঁটাই যথেষ্ট নয়, শীর্ষ পদের জবাবদিহিতা নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকেই পদত্যাগ করতে হবে।

আজ দুপুরে দুই পক্ষের মধ্যে বহুল আলোচিত তৃতীয় দফার বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *