শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

যশোরের মনিরামপুরে ধানখেতে জমে থাকা গভীর পানিতে শাপলা ফুল তুলতে নেমে পানিতে ডুবে দুই কোমলমতি শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাঠি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—হাজরাকাঠি গ্রামের ওলিয়ার রহমানের ৬ বছর বয়সী মেয়ে ইয়াসমিন খাতুন এবং মফিজুর রহমানের ১০ বছর বয়সী ছেলে জিসান হোসেন। তারা দুজনই স্থানীয় হাজরাকাঠি মহিলা আলিম মাদ্রাসার শিক্ষার্থী ছিল (ইয়াসমিন প্রথম শ্রেণিতে এবং জিসান চতুর্থ শ্রেণিতে পড়ত)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে হাজরাকাঠি দাসপাড়া মোড় সংলগ্ন পারখাজুরা বাঁওড়ের আগাড়ের জলাবদ্ধ ধানখেতে ৫-৬ জন শিশু মিলে শাপলা ফুল তুলতে নামায়। শাপলা তোলার একপর্যায়ে ছোট শিশু ইয়াসমিন হঠাৎ গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। সহপাঠীকে ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে দ্রুত এগিয়ে যায় জিসান। কিন্তু পানির গভীরতা বেশি থাকায় দুজনেই তলিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা ও স্বজনেরা দ্রুত তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ইউপি সদস্য আবুল হোসেন এবং হাজরাকাঠি মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক শেখ আজাদ দুই শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই পরিবারের মতো পাশাপাশি বাড়ির দুই কোমলমতি শিশুর অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *