খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

খাগড়াছড়ি সদর উপজেলার নুনছড়ির থলিপাড়ার পুনর্বাসন এলাকায় বজ্রপাতে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দম্পতি হলেন—উচিমং মারমা (৫৫) ও তার স্ত্রী চাইঞাও মারমা (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের বড় ছেলে আখং মারমার ভাষ্য অনুযায়ী, সন্ধ্যায় ঝুম বৃষ্টির সময় উচিমং মারমা ঘরের সামনে উঠানে গোসল করছিলেন এবং তার স্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনে মারা যান। এ সময় বজ্রপাতে ঘরের সোলার প্যানেলসহ অন্যান্য আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়।

গ্রামের কার্বারী (গ্রাম প্রধান) কান্তা ত্রিপুরা ও গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা বজ্রপাতে এই দম্পতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান জানান, নিহতদের দাহক্রিয়া সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসন ও স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)-কে জানানো হয়েছে। মরদেহগুলো বর্তমানে বাড়িতে রাখা হয়েছে। রোববার তাদের দাহক্রিয়া সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *