ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে সিলেটে নিহত ৪

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ফের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অপর দুজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। 

নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তারা হলেন–সুনামগঞ্জের জগন্নাথপুরের বাসিন্দা নিয়ামত আলী, তার স্ত্রী ও মেয়ে। এছাড়া লালন মিয়া নামের আরও এক যুবক নিহত হন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি তেলবাহী ট্রাক ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা সবাই মারাত্মকভাবে আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে পথেই দুজনের মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুজন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৭ আগস্ট সকালে সিলেট-ঢাকা মহাসড়কের এই একই ওসমানীনগর এলাকায় ইউনিক পরিবহণ ও বেঙ্গল পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *