মিয়ানমার থেকে বাংলাদেশে আসার পথে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ উপকূলে একটি রোহিঙ্গা নাগরিকবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করেছেন। নৌকার মাঝিমাল্লাসহ আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাট সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে উদ্ধার হওয়া ব্যক্তিদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মন্নান জানান, রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে একদল রোহিঙ্গা নাগরিক নৌকাযোগে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। উপকূলের কাছাকাছি পৌঁছালে প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

আব্দুল মন্নান বলেন, নৌকাডুবির খবর পেয়ে স্থানীয় জেলেরা উদ্ধার অভিযানে অংশ নিয়ে ১৮ জনকে জীবিত উদ্ধার করেন। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ার জেলে মো. ফয়সাল জানান, নৌকাটিতে মোট ৩১ জন রোহিঙ্গা নাগরিক আরোহী হিসেবে ছিলেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু নেই বলেও তিনি দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকায় থাকা ব্যক্তিদের আনতে বাংলাদেশ অংশ থেকে চারজন মাঝি সাগরে গিয়েছিলেন। নিখোঁজদের মধ্যে তারাও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া ১৮ জনকে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। তাদের পরিচয়, বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্য এবং ঘটনার সার্বিক পরিস্থিতি যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *