মা ইলিশ সংরক্ষণ অভিযান

নৌকা-জাল, মাছসহ ২৫ জেলে আটক, অপ্রাপ্তবয়স্ক ১১ জন পরিবারের জিম্মায়

মাইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীতে মাছ ধরার অভিযোগে ২৫ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় পাঁচটি মাছ ধরার নৌকা, ১৫ হাজার মিটার জাল ও ৮০ কেজি মাছ জব্দ করা হয়েছে। এদের মধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

আজ রোববার (২৫ অক্টোবর) দুপরে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন। গতকাল শনিবার মধ্যরাত থেকে আজ রোববার দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান ওসি।

মা ইলিশ সংরক্ষণ অভিযান বিষয়ে চাঁদপুর নৌ থানার ওসির কাছে জানতে চাইলে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ২৫ জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৪ জনের বিরুদ্ধে নৌপুলিশের পক্ষ থেকে নিয়মিত মামলা করা হয়েছে।

ওসি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দ করা মাছ স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নদীতে নৌপুলিশের এ ধরনের অভিযান ২৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

সরকার মা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুম উপলক্ষে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশব্যাপী ইলিশ মাছ আহরণ, বিক্রি, মজুত, পরিবহণ ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *