রিয়াল মাদ্রিদের কাছে ভিনিসিয়ুস জুনিয়র শুধু একজন ফুটবলার নন, তিনি এখন ক্লাবের অন্যতম বড় ব্যবসায়িক সম্পদও! তাই ব্রাজিলিয়ান উইঙ্গারের সঙ্গে নতুন চুক্তি করতে এতটা আগ্রহী স্প্যানিশ জায়ান্টরা। মাঠে গোল-অ্যাসিস্টের পাশাপাশি মাঠের বাইরের বিপণনমূল্যই রিয়ালকে দ্রুত চুক্তি নবায়নের পথে হাঁটতে উৎসাহ দিচ্ছে।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস জানাল, ২০২২ সালে সর্বশেষ চুক্তি নবায়নের সময় ভিনিসিয়ুসের ইমেজ রাইটসের প্রায় ৫০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয় রিয়াল মাদ্রিদ। ফলে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে তার বাণিজ্যিক চুক্তি থেকে যে আয় হয়, তার একটি বড় অংশ ক্লাবের ঘরেও আসে। এমনকি সেই আয় দিয়েই ভিনিসিয়ুসের বেতনের উল্লেখযোগ্য অংশ উঠে আসে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
২০১৭ সালে ফ্ল্যামেঙ্গো থেকে ৪ কোটি ৫০ লাখ ইউরো খরচ করে যখন ভিনিসিয়ুসকে দলে ভিড়িয়েছিল রিয়াল, তখন সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। সময়ের সঙ্গে সেই বিনিয়োগই হয়ে উঠেছে ক্লাবের অন্যতম সফল সিদ্ধান্ত। এখন পর্যন্ত রিয়ালের জার্সিতে ৩৭৫ ম্যাচে ১২৮ গোল ও ৮৫টি অ্যাসিস্ট করেছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। পাশাপাশি সর্বশেষ দুটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
তবে ভিনিসিয়ুসের মূল্যায়ন এখন আর শুধু পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়। তার জনপ্রিয়তা ও বৈশ্বিক গ্রহণযোগ্যতা রিয়াল মাদ্রিদের বাণিজ্যিক সম্ভাবনাকেও নতুন উচ্চতায় নিয়ে গেছে।
ভিনিসিয়ুসের ক্যারিয়ার ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘রক নেশন স্পোর্টস ব্রাজিল’-এর প্রধান নির্বাহী ফ্রেদেরিকো পেনা বলেছেন, ‘ভিনিসিয়ুসের প্রতি বড় বড় ব্র্যান্ডগুলোর আগ্রহ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তরুণ হলেও সে বিশ্বসেরা ক্লাব ও দেশের প্রধান খেলোয়াড়, দুবারের চ্যাম্পিয়নস লিগজয়ী এবং ক্রীড়াজগতে অধ্যবসায়ের এক বড় প্রতীক।’
বিশ্বকাপের সময় ভিনিসিয়ুসের সঙ্গে ১৬টি আন্তর্জাতিক ব্র্যান্ডের পৃষ্ঠপোষকতা চুক্তি ছিল, যা ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে নেইমারের পরই দ্বিতীয় সর্বোচ্চ। ব্রাজিল জাতীয় দলের হয়ে তার বিভিন্ন বাণিজ্যিক প্রচারণার কনটেন্ট ১০০ মিলিয়নের বেশি বার দেখা হয়েছে, যা বিজ্ঞাপনদাতাদের কাছে তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
মাঠের বাইরেও ভিনিসিয়ুসকে ঘিরে গড়ে উঠেছে পূর্ণাঙ্গ একটি পেশাদার কাঠামো। তার আর্থিক, আইনি, প্রশাসনিক ও বিপণন কার্যক্রম পরিচালনায় কাজ করছেন আলাদা আলাদা বিশেষজ্ঞ। রয়েছে একজন প্রধান নির্বাহী, অর্থ পরিচালকসহ একটি পূর্ণাঙ্গ টিম। পাশাপাশি শিশুদের উদ্ভাবনী শিক্ষা নিয়ে কাজ করা তার নিজস্ব দাতব্য সংস্থাও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে।
বর্ণবাদের বিরুদ্ধে ভিনিসিয়ুসের দৃঢ় অবস্থানও তার ব্র্যান্ড মূল্য আরও বাড়িয়ে দিয়েছে। সামাজিক নানা ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখার কারণে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান তাকে নিজেদের প্রতিনিধিত্বের জন্য উপযুক্ত মুখ হিসেবে বিবেচনা করছে।
রিয়াল মাদ্রিদের কাছে ভিনিসিয়ুস এখন শুধু আক্রমণভাগের ভরসা নন, ক্লাবের অর্থনৈতিক শক্তিরও অন্যতম ভিত্তি। তাই নতুন চুক্তির আলোচনা যতটা ফুটবলীয়, তার চেয়েও বেশি দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনার অংশ। বার্নাব্যু কর্তারা ভালো করেই জানেন, ভিনিসিয়ুসকে ধরে রাখা মানে কেবল একজন তারকা ফুটবলারকে রাখা নয়, বরং ভবিষ্যতের একটি লাভজনক ব্র্যান্ডকেও নিজেদের সঙ্গে বেঁধে রাখা!
এসএন/পিডিকে