ব্রাজিলের জার্সিতে দীর্ঘ পথচলার পর আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নেইমার। দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় ধরে ব্রাজিলের জার্সিতে আলো ছড়ানোর পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন এই মহতারকা। আনুষ্ঠানিকভাবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। এর মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর তার আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে চলা সব জল্পনারও অবসান হল।
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পরই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন ব্রাজিলের এই তারকা। ম্যাচ শেষে নেইমার বলেছিলেন, ‘আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানে আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।’
সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে। কাকতালীয়ভাবে ২০১০ সালে এই স্টেডিয়ামেই ব্রাজিলের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল তার। তবে তখন আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা না দেওয়ায় অনেক সমর্থকই আশা করেছিলেন, হয়তো জাতীয় দলের জার্সিতে আরও একবার দেখা যাবে নেইমারকে।
অবশেষে কোপা সুদআমেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর নিজের সিদ্ধান্ত প্রকাশ করেন সান্তোস ফরোয়ার্ড। ফলে নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলো ম্যাচটিই ব্রাজিলের হয়ে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে থেকে গেল।
জাতীয় দলকে বিদায় জানালেও নিজের অবদান নিয়ে কোনো আক্ষেপ নেই নেইমারের। দেশের হয়ে প্রতিটি ম্যাচে নিজের সর্বোচ্চটা দেওয়ার কথা স্মরণ করে তিনি বলেন, ‘ব্রাজিলের হয়ে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক সুখের মুহূর্ত পেয়েছি। আমি আমার রক্ত, আমার জীবন-সবকিছু উজাড় করে দিয়েছি। হলুদ জার্সির জন্য সব সময় লড়েছি। কিন্তু এখন আর সেটা করতে চাই না।’
২০১০ সালের ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল নেইমারের। অভিষেক ম্যাচেই গোল করে দলকে ২-০ ব্যবধানে জিততে সাহায্য করেন তিনি। এরপর এক যুগেরও বেশি সময় ধরে ব্রাজিলের আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা ছিলেন এই ফরোয়ার্ড।
আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে ১৩১ ম্যাচ খেলেছেন নেইমার। জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ৮০টি গোল করেছেন তিনি। পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৫৯টি গোল করিয়েছেন। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অলিম্পিক-সব বড় আসরেই দেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক ফুটবলে একটি স্মরণীয় অধ্যায়ের ইতি টানলেন ব্রাজিলিয়ান এই মহাতারকা!
এসএন/পিডিকে