ময়মনসিংহের সদর উপজেলার আলালপুরে ইস্পাহানি এগ্রোর একটি বীজ গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো মিল ও গোডাউনে দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কর্মীদের প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন, মিলটিতে বিপুল ধান, চাল ও অন্যান্য খাদ্যসামগ্রী মজুত ছিল, যার একটি বড় অংশ আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।