বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

মার্কিন ডলার শক্তিশালী হওয়ার পাশাপাশি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি নির্ধারণী বৈঠকের সিদ্ধান্তকে ঘিরে বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। আজ মঙ্গলবার (২৮ জুলাই) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর বড় ধরনের দরপতন লক্ষ্য করা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৪২.২৯ ডলারে। একই সঙ্গে আগস্টে সরবরাহের জন্য মার্কিন ফিউচার গোল্ডের দামও শূন্য দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়ে আউন্স প্রতি ৪ হাজার ৪২.৮০ ডলারে নেমে এসেছে।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান স্টোন-এক্সের গবেষণা প্রধান জানান, জুনের শেষ দিক থেকে স্বর্ণের দাম চার হাজার ডলারের নির্দিষ্ট গণ্ডির মধ্যে ওঠানামা করছে। ডলারের শক্তিশালী অবস্থান এবং জ্বালানি তেলের দামের সঙ্গে সুদের হারের সম্পর্কের কারণে বড় বিনিয়োগকারীরা কিছুটা সতর্ক অবস্থান নিয়েছেন।

আমেরিকান ডলার এক মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে থাকায় বিশ্ববাজারের অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা অপেক্ষাকৃত ব্যয়বহুল হয়ে পড়েছে। এ ছাড়া ফেডের নীতি নির্ধারণী বৈঠক শেষ হতে যাওয়ায় সুদের হার বৃদ্ধির আশঙ্কায় স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমেছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য বিশ্ব ধাতুর বাজারেও দরপতন দেখা গেছে। স্পট সিলভারের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে আউন্স প্রতি ৫৭.৫৬ ডলারে এবং প্লাটিনামের দাম ০.৮ শতাংশ কমে ১ হাজার ৬০৭.৭৬ ডলারে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *