নওগাঁর পোরশায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে পোরশা উপজেলার কাতকইল গ্রামের বিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কাতকইল (বিলপাড়ার) গ্রামের শফিউদ্দিনের ছেলে মাহাবুর হোসেন একই গ্রামের ও মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ।
নিহত আব্দুল আজিজের প্রতিবেশী বড় ভাই তোফায়েল আহমেদ জানান, সকালে বৈদ্যুতিক মটর দিয়ে পানি শুকিয়ে মাছ ধরতে গিয়েছিলেন তারা। এরপর পানি শুকিয়ে সকাল ১০টার দিকে মাছ ধরে বাসায় নিয়ে আসে। এরপর দুপুর ১টার দিকে আবারও তারা বিলে মাছ ধরার জন্য যায়। সেখানে তারা পূর্বে বৈদ্যুতিক মটর চালু করে রেখে এসেছিল। এরমধ্যে কোন এক সময় বৈদ্যুতিক তার লিকেজ হয়ে পানিতে বিদ্যুৎ সংযোগ ঘটে। পানিতে নামতেই প্রথমে মাহবুবুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে আব্দুল আজিজও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই দুজন মারা যায়।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।