বিক্ষোভে উত্তাল দিল্লি, তৃতীয় দফায় ককরোচ পার্টির সঙ্গে বসছে মোদি সরকার

ভারতে ‘নিট’ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাজধানী নয়া দিল্লির যন্তর মন্তরে চলছে টানা বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যন্তর মন্তরের চারপাশের ১৮টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ ও মেট্রো কর্তৃপক্ষ। খবর এনডিটিভির। 

আজ শনিবার (২৫ জুলাই) পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার ও রাজপথ কাপানো ‘ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল’ ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাদের মধ্যে তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের একক দাবিতে অনড় রয়েছে আন্দোলনকারীরা। সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ দুপুর পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্র।

এদিকে, টানা ২৬ দিন অনশনের পর গত বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে অনশন ভাঙেন বিখ্যাত পরিবেশকর্মী ও আন্দোলনকারী সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং এবং ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অংমোর উপস্থিতিতে তিনি অনশন ভাঙেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় সোনম ওয়াংচুক নিশ্চিত করেন, সরকার তিনটি লিখিত আশ্বাস দেওয়ায় তিনি অনশন তুলে নিয়েছেন। আশ্বাসগুলোর মধ্যে রয়েছে- যন্তর মন্তরে আন্দোলনরত বা গত ২০ জুলাই ‘সংসদ চলো’ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া, আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং আসন্ন সংসদ অধিবেশনে প্রশ্ন ফাঁসের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা।

সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) সারারাত ধরে যন্তর মন্তরের রাজপথে আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও বিক্ষোভকারীদের উপস্থিতি ছিল আগের রাতের চেয়েও বেশি। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো সংসদ মার্গজুড়ে অতিরিক্ত ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *