‘পাপ কামিয়েছি’ পপির মন্তব্য, বাপ্পারাজ বললেন ‘বেকার হলেই মনে হয়…’

দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। বর্তমানে সংসার ও পরিবার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। আড়ালে গিয়ে বিয়ে, সংসার ও এক সন্তানের মা হওয়ার খবরও এরই মধ্যে প্রকাশ্যে এসেছে। অভিনয় থেকে দূরে থাকলেও মাঝেমধ্যে তার পুরোনো বক্তব্য ও ক্যারিয়ার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

সম্প্রতি পপির একটি বক্তব্যকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছেন তিনি। আর সেই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা বাপ্পারাজ।

সোমবার (৩১ আগস্ট) অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে পপির একটি বক্তব্যের ফটোকার্ড শেয়ার করেন। সেখানে পপির বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়, ‘যতটুকু পাপ কামাইছি সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচব হেদায়াতের জন্য আল্লাহ-খোদার নাম করে যাব।’

পপির এই বক্তব্য শেয়ার করে নিজের মতামতও জানান জয়। একই সঙ্গে প্রশ্ন তোলেন, অভিনয়কে কি তাহলে এখন পাপ হিসেবে দেখছেন তারকারা?

জয় লেখেন, ‘নায়িকা মৌসুমী যা বলেছিলেন, নায়িকা পপিও তা বললেন। এখন শাবনূর এবং পূর্ণিমা একই কথা বললে একটা জেনারেশন পূর্ণ হতো। অভিনয় যে একটা গুনাহর কাজ, এটা তারা বুঝতে পেরেছে।’

পরে নিজের বক্তব্যের ব্যাখ্যাও দেন জয়। তিনি লেখেন, ‘আমার প্রশ্ন, আপনারা তো ১৬ আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন। কিন্তু আমরা যে কিছুই না বুঝেই আপনাদের ভক্ত হয়ে ভুল করেছি এবং গুনাহ করেছি, আমাদের কী হবে তাহলে? তাই ইবাদতের সময় ভক্তদের জন্যও দোয়া কইরেন।’

শুধু অতীতের তারকাদের নয়, বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পীদের নিয়েও প্রশ্ন তোলেন জয়। তিনি লেখেন, ‘আর বর্তমানে যারা হিট, তারাও কি ভবিষ্যতে এরকম স্টেটমেন্ট দিবেন? বিষয়টা এমন নয় কি পাপ করে জীবন গুছিয়ে নিয়ে তারপরে হজ করে আল্লাহর পথে চলে এলাম।’

জয়ের এই পোস্ট প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। মন্তব্যের ঘরে নিজেদের মতামত জানান নেটিজেনরা। এর মধ্যেই অভিনেতা বাপ্পারাজের একটি মন্তব্যও নজর কাড়ে।

পপির বক্তব্য প্রসঙ্গে বাপ্পারাজ লেখেন, ‘যখন ইনকাম করা হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।’

এর আগে এক ভিডিও বার্তায় অভিনয়জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন পপি। কান্নাজড়িত কণ্ঠে নিজের জীবন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, ‘আমি সব কিছু থেকে দূরে চলে গেছি। মানুষ কত দিনই বাঁচে! যে কয়দিন বাঁচি, সুন্দরভাবে বাঁচতে চাই। একটু ভালো থাকতে চাই। একটু ভালো খেতে চাই, আল্লাহ-খোদার নাম নিতে চাই।’

ওই ভিডিও বার্তায় নিজের অতীত নিয়েও আক্ষেপ প্রকাশ করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘পরিবারের কারণে কাজ করতে গিয়ে মানুষের যতটা গালি খেয়েছি, যতটা পাপ কামিয়েছি সবকিছু মুছে সুন্দরভাবে মরতে চাই। এটা যদি আমার জন্য অপরাধ হয়ে থাকে, তবে আমি অপরাধী।’

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পপি। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘কুলি’। এতে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানী।

এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন পপি। দীর্ঘ অভিনয়জীবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন বিভিন্ন স্বীকৃতি। ক্যারিয়ারের সফল সময় পেরিয়ে বর্তমানে অনেকটাই আড়ালে রয়েছেন এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *