চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে বিয়ের প্রসঙ্গ তুলে একসময় গণমাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছিলেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। তার বিভিন্ন মন্তব্যে শাকিবের সঙ্গে বিয়ের গুঞ্জনও ছড়িয়েছিল। সেই আলোচনার মধ্যেই এবার নিজের বিয়ের খবর জানিয়ে নতুন চমক দিলেন এই অভিনেত্রী। তবে এবার পাত্র শাকিব খান নন, মিষ্টি জান্নাতের স্বামী একজন ব্যবসায়ী।
খবরটি এখন আর গুঞ্জন নয়, বরং অভিনেত্রী নিজেই দিয়েছেন এর সত্যতা। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘গট ম্যারিড’ লাইফ ইভেন্ট যুক্ত করে হঠাৎ করেই আলোচনার জন্ম দেন তিনি। এরপর গণমাধ্যমের কাছে বিয়ের খবর নিশ্চিত করলেও স্বামীর পরিচয় নিয়ে রেখেছেন রহস্য।
মিষ্টি জানিয়েছেন, তার স্বামী একজন ব্যবসায়ী। মিডিয়ার সঙ্গেও তার কিছুটা সম্পৃক্ততা রয়েছে। তবে নাম, ছবি কিংবা বিস্তারিত পরিচয় এখনই প্রকাশ করতে চান না অভিনেত্রী।
বিয়ে কবে, কোথায়—এমন প্রশ্নেও সরাসরি উত্তর দেননি তিনি। শুধু জানিয়েছেন, বাংলাদেশেই তাদের বিয়ে হয়েছে। আর বিয়েটি প্রেমের নাকি পারিবারিকভাবে—সেই প্রশ্নে অবশ্য কোনো রহস্য রাখেননি মিষ্টি। জানিয়েছেন, তাদের বিয়ে হয়েছে ভালোবেসেই।
তবে কবে থেকে প্রেম, কবে বিয়ে—এসব তথ্য আপাতত গোপনই থাকছে। মিষ্টির যুক্তি, সবকিছু একসঙ্গে প্রকাশ করে দিলে আর কোনো ‘সাসপেন্স’ থাকবে না।
তাহলে কি স্বামীকে সারাজীবন আড়ালেই রাখবেন? মিষ্টির উত্তর, এমন কোনো পরিকল্পনা নেই। সময় হলেই স্বামীকে সবার সামনে আনবেন তিনি। এমনকি মজা করে ইতালিতে কোনো অনুষ্ঠানের আয়োজন করার কথাও জানিয়েছেন অভিনেত্রী।
মিষ্টি আরও জানিয়েছেন, তাদের বিয়েটি হুট করে হয়নি। বেশ আগেই বিয়ে করেছেন তারা। তবে ব্যক্তিগত কিছু কারণে এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন।
এদিকে বিয়ের খবর প্রকাশের পেছনে রয়েছে অন্য গল্পও। মিষ্টির দাবি, প্রেম ও বিয়ে নিয়ে নানা ধরনের মানুষের নানা আচরণে তিনি বিরক্ত হয়ে উঠেছিলেন। কেউ ফোন করে দেখা করতে চাইতেন, কেউ আবার বিদেশে গিয়ে দেখা করার প্রস্তাব দিতেন। এমনকি সরাসরি প্রেমের প্রস্তাবও পেতেন তিনি।
একপর্যায়ে এসব ঘটনায় বিরক্ত হয়ে নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। মিষ্টির মতে, একজন অভিনেত্রী হলেই তাকে যখন-তখন ফোন করে দেখা করতে চাওয়ার বিষয়টি মোটেও স্বাভাবিক নয়।
তবে বিয়ে করলেও এখনও পুরোপুরি সংসারী জীবনে ঢুকে পড়েননি মিষ্টি। অভিনেত্রীর ভাষ্য, বিয়ে হলেও তাদের বিবাহিত জীবন এখনও পুরোপুরি শুরু হয়নি। আপাতত নিজের মতো করেই সময় কাটাচ্ছেন তিনি।
অর্থাৎ বিয়ের খবর জানা গেলেও মিষ্টির স্বামী কে, কবে তাদের প্রেমের শুরু এবং ঠিক কবে বিয়ে—এই তিন প্রশ্নের উত্তর আপাতত ‘সাসপেন্স’ হিসেবেই রেখে দিলেন অভিনেত্রী।